নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সক্রিয় সদস্য নাজমুল খান শান্তকে (৩১) গ্রেফতার করেছে।
সোমবার (২২ জুন) ভোর সাড়ে ৫টার দিকে মুগড়াপাড়া পাওয়ার হাউজের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী-এর দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখার সোনারগাঁও-বন্দর জোনের ইনচার্জ সাজ্জাদ করিম খান-এর প্রত্যক্ষ নেতৃত্বে বিশেষ এ অভিযান পরিচালিত হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ভোরে অভিযান চালিয়ে মুগড়াপাড়া পাওয়ার হাউজের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার লাগানোর সময় নাজমুল খান শান্তকে হাতেনাতে আটক করে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ পোস্টার জব্দ করা হয়।
গ্রেফতারকৃত নাজমুল খান শান্ত সোনারগাঁও উপজেলার মুগড়াপাড়া ইউনিয়নের বাড়ী চিনিস এলাকার দুরুদ খানের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা চলমান রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে সোনারগাঁও থানা-এ সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।