উখিয়ায় ৫৯৫ পিস ইয়াবাসহ একই পরিবারের চার ভাই-বোন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

 

 

বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

টেকনাফ, কক্সবাজার

 

কক্সবাজারের উখিয়া উপজেলায় যৌথবাহিনীর একটি চেকপোস্টে অভিযান চালিয়ে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একই পরিবারের চার সহোদর ভাই-বোনকে গ্রেফতার করা হয়েছে।

 

রোববার (২২ জুন) বিকেলে উপজেলার একটি যৌথবাহিনীর চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনার সময় তাদের আটক করা হয়।

 

যৌথবাহিনী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত চার ভাই-বোন একটি সিএনজি অটোরিকশাযোগে একসঙ্গে যাতায়াত করছিলেন। চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সন্দেহ হলে তাদের তল্লাশি করা হয়। একপর্যায়ে তাদের দেহ ও বহনকৃত সামগ্রী থেকে মোট ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন বান্দরবান জেলার আলীকদম উপজেলার পালংপাড়া এলাকার বাসিন্দা মো. ইলিয়াস (২৪), তাসলিমা আক্তার (২৩), তাহমিনা আক্তার (২০) এবং সাকিলা আক্তার লাখি (১৯)। তারা সবাই একই পরিবারের সদস্য ও সহোদর ভাই-বোন।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে মাদক পরিবহন ও সংগ্রহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। উদ্ধারকৃত ইয়াবাগুলো জব্দ করা হয়েছে এবং গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা বলেন, “সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও মাদক ব্যবসা প্রতিরোধে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

 

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক চোরাচালান ও কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত