নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাত আনুমানিক ২টা ৩৫ মিনিটে সদর থানাধীন ১১নং ওয়ার্ডের খানপুর সর্দারপাড়া এলাকায় দারুস সালাম এতিমখানার সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. আশিক দেওয়ান (৩১) ও সাগর ইসলাম (৩৩)। এ সময় তাদের হেফাজত থেকে মোট ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৫ দশমিক ৫ গ্রাম। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আশিক দেওয়ানের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় ৬টি মাদক মামলা ও ১টি অস্ত্র মামলা রয়েছে। অপরদিকে সাগর ইসলামের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় ৪টি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।