নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক


নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) যৌথ অভিযানে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ জুন দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বয়ে চাষাড়া এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে সরকার কর্তৃক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য হিসেবে ঢাকা মহানগর দক্ষিণের শাহবাগ থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহেদী হাসান রাকিব চৌধুরী (২০) এবং বন্দর থানার ঘারমোড়া নাসিম ওসমান স্মৃতি সংসদের সভাপতি ও আওয়ামী যুবলীগের সক্রিয় কর্মী মো. অনিক সরদার (৩৪)-কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাহেদী হাসান রাকিব চৌধুরীর বাড়ি রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের তেতলাবো এলাকায়। অপরদিকে অনিক সরদারের বাড়ি বন্দর উপজেলার ঘারমোড়া এলাকার সরদারবাড়িতে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এদিকে পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত অনিক সরদারের বিরুদ্ধে নারায়ণগঞ্জের বন্দর থানা এবং মুন্সিগঞ্জ সদর থানায় মোট চারটি মামলা বিচারাধীন রয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, সন্ত্রাস, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো কর্মকাণ্ড প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত