নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছোরা এবং লুণ্ঠিত টাকার অংশবিশেষ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুর রহমানের প্রত্যক্ষ নেতৃত্বে বুধবার (২৪ জুন) ভোর ৪টা ১৫ মিনিটে সদর থানার চর সৈয়দপুর এলাকার লাইলী পাগলীর মাজারের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ছিনতাইকারী মো. সিহাদ (২৭) ও রিয়াদ (২৬)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সিহাদের পিতা জাকির আলম ও মাতা শাহানাজ বেগম। অন্যদিকে রিয়াদের পিতা শাহজাহান ও মাতা ময়না বেগম। উভয়ের বাড়ি চর সৈয়দপুর এলাকায়।
পুলিশ জানায়, ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি ছোরা এবং লুণ্ঠিত অর্থের মধ্যে নগদ ৯০০ টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদক, ছিনতাইসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।