নিজস্ব প্রতিবেদক | নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ, র্যাব ও ডিবির যৌথ অভিযানে ১৬০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী এবং মোট ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদীর তত্ত্বাবধানে এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের নেতৃত্বে ১৩ জুন বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কুতুবপুর ইউনিয়নের পাগলা, বৌ বাজার, শাহী মহল্লা ও নিশ্চিন্তপুর এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নিজাম উদ্দিন (৩৪), গনেশ রাজবংশী (৪৭), জুবায়ের হোসেন আকাশ (২৪), সজিব (২৩), মামুন (২৬), নুর আলম বাবু (৪০), নাসিম (৩০), সামাদ (২৭) ও টুটুল (৩৯) নামে ৯ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে নিজাম উদ্দিনের কাছ থেকে ১৬০ পিস ইয়াবা এবং গনেশ রাজবংশীর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের পিসিপিআর যাচাই করে তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার তথ্য পাওয়া গেছে। মাদক ব্যবসায়ী দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অন্যান্যদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।