বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির কার্যক্রম অন্তর্বর্তী সরকারের সময়কালে আপাতত স্থগিত রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এ বিষয়ে নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে এমপিওভুক্তি সংক্রান্ত কার্যক্রম আর এগোনো হচ্ছে না।
এর আগে সরকারের শেষ পর্যায়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির উদ্যোগ নেওয়া হলে তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়। শিক্ষা মন্ত্রণালয় ৮ ফেব্রুয়ারি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানায়, এমপিওভুক্তির জন্য মোট ৩ হাজার ৬১৫টি আবেদন জমা পড়েছে।
প্রাপ্ত আবেদনগুলোর মধ্যে নীতিমালায় নির্ধারিত মানদণ্ড অনুযায়ী প্রাথমিকভাবে বিভিন্ন ক্যাটাগরির ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানের আবেদন বিবেচনাযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়। এসব আবেদন মূল্যায়নের ক্ষেত্রে এমপিওভুক্তির যোগ্যতা, আঞ্চলিক ভারসাম্যসহ অন্যান্য সংশ্লিষ্ট বিষয় বিবেচনায় নিয়ে অগ্রাধিকার নির্ধারণ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত ক্রাইটেরিয়ায় প্রাপ্ত গ্রেডিংয়ের ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে নির্বাচিত ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানের সম্ভাব্য আর্থিক সংশ্লেষ নিরূপণ করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্তির বিষয়ে অর্থ বিভাগের সম্মতি চেয়ে চিঠি পাঠানো হয়।
তবে এসব প্রক্রিয়া নিয়ে সমালোচনা তৈরি হওয়ায় শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সময়কালে এমপিওভুক্তির কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।