নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে ক্ষমতাসীন দল বিএনপি। প্রথম ও দ্বিতীয় দিনেই নারায়ণগঞ্জের একাধিক নারী নেত্রী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আরও কয়েকজন আগামী দিনগুলোতে ফরম সংগ্রহ করবেন বলে জানা গেছে।
দলীয় সূত্রে জানা যায়, এরই মধ্যে নারায়ণগঞ্জ থেকে অন্তত ১০ জন ত্যাগী নারী নেত্রী মনোনয়নের আশায় কেন্দ্রীয় কার্যালয়ে জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন—জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না, সাধারণ সম্পাদক আয়শা আক্তার দিনা, বন্দর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী রেহানা আক্তার শিরিন, আসমা হেলেন বিথী এবং সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর আফসানা আফরোজ বিভা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেত্রী সামছুন নূর বাঁধন জানিয়েছেন, তিনি রবিবার মনোনয়নপত্র সংগ্রহ ও এ সংক্রান্ত সিদ্ধান্ত গণমাধ্যমকে জানাবেন।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য, মনোনয়নপ্রত্যাশীদের অনেকে বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক কর্মসূচি, বিক্ষোভ ও সাংগঠনিক কর্মকাণ্ডে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা যুগ্ম আহ্বায়ক সামছুন নূর বাঁধন একজন আইনজীবী এবং নারায়ণগঞ্জের একটি প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের কন্যা।
অন্যদিকে, আফসানা আফরোজ বিভা দীর্ঘদিন স্থানীয় রাজনীতিতে সক্রিয় থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সংরক্ষিত নারী কাউন্সিলর ও ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছেন।
এছাড়া, আসমা হেলেন বিথী বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনিও মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন।
রেহানা আক্তার শিরিন ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি।
তার পারিবারিকভাবেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।