নারায়ণগঞ্জে পুলিশ সদস্যের অস্ত্র ছিনতাই মামলায় আরও এক আসামি গ্রেফতার

দৈনিক বাংলাদেশ দিগন্ত নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।

 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জ সদর মডেল থানার এক পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র ও গুলি ছিনতাইয়ের ঘটনায় আরও এক দুষ্কৃতকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ মার্চ ভোর আনুমানিক ৬টা ১০ মিনিটে শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির এএসআই (নিরস্ত্র) এসএম লুৎফর রহমান ডিউটিরত অবস্থায় নগর ভবনের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় মোটরসাইকেলে আসা তিনজন দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি ও শারীরিক আঘাতের মাধ্যমে তার কাছ থেকে একটি সরকারি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৬ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়।

এ ঘটনায় ভুক্তভোগী পুলিশ সদস্যের দায়ের করা এজাহারের ভিত্তিতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে একটি দস্যুতা মামলা রুজু করা হয়। ঘটনার পরপরই পুলিশের অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে ছিনতাইকৃত অস্ত্র ও গুলিসহ একজন আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়।

এর ধারাবাহিকতায় ১৪ এপ্রিল সকাল আনুমানিক ১১টা ২০ মিনিটে সদর মডেল থানার এসআই (নিরস্ত্র) মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল ফতুল্লা থানাধীন দেওভোগ বাশমূলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মামলার সঙ্গে জড়িত আরহাম (২২) নামে আরও এক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আরহাম দেওভোগ পানির ট্যাংকি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, এ মামলার পলাতক অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত