মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া:
নারায়ণগঞ্জ, ১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ: বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে চাষাড়া গোলচত্বর থেকে এক বর্ণাঢ্য “বৈশাখী শোভাযাত্রা” অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে জেলা প্রশাসনের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য, পুলিশ সুপার, নারায়ণগঞ্জ; জেলা পরিষদের প্রশাসক; সিটি কর্পোরেশনের প্রশাসক; অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ; উপজেলা নির্বাহী কর্মকর্তা (নারায়ণগঞ্জ সদর); সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মীবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, বাংলা নববর্ষ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। এ ধরনের আয়োজন সমাজে ঐক্য, সম্প্রীতি ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ শোভাযাত্রা নারায়ণগঞ্জ শহরজুড়ে সৃষ্টি করে আনন্দ-উচ্ছ্বাসের আবহ, যা নতুন বছরকে বরণ করে নিতে সর্বস্তরের মানুষের মাঝে নতুন উদ্দীপনা যোগ করে।