নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর বদলিজনিত বিদায় উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সীর কর্মকালীন সময়ে তাঁর নিষ্ঠা, পেশাদারিত্ব, দক্ষ নেতৃত্ব এবং নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে কর্মক্ষেত্রে তাঁর আন্তরিকতা, দক্ষতা ও সৌহার্দ্যপূর্ণ নেতৃত্বের প্রশংসা করা হয়।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবিরের সভাপতিত্বে আয়োজিত এ বিদায় সংবর্ধনায় র্যাব-১১-এর সিও, ৬২ বিজিবির সিও, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর পুলিশ সুপার, এনএসআইয়ের যুগ্ম পরিচালক, আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট, ডিজিএফআইয়ের সহকারী পরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ এবং অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করা হয়। তাঁর কর্মকালীন অবদান ও সৌহার্দ্যপূর্ণ নেতৃত্ব নারায়ণগঞ্জবাসীর মাঝে স্মরণীয় হয়ে থাকবে বলেও অনুষ্ঠানে উল্লেখ করা হয়।