নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক নারায়ণগঞ্জ লিংক রোডের নিরাপত্তা জোরদার এবং অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (BKMEA) ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (NCCI)-এর পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলা পুলিশকে মোট ৭ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট ২০২৬) নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
অনুষ্ঠানে BKMEA-এর পক্ষে পরিচালক মামুনুর রশিদ ও পরিচালক মো. নজরুল ইসলাম স্বপন ৫ লক্ষ টাকার চেক পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর কাছে হস্তান্তর করেন। অন্যদিকে NCCI-এর পক্ষে পরিচালক আবু জাফর, পরিচালক আহমেদুর রহমান তনু এবং পরিচালক গোলাম সারোয়ার সাঈদ ২ লক্ষ টাকার চেক প্রদান করেন।
এ সময় BKMEA ও NCCI-এর অন্যান্য পরিচালক এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে সড়কটির সার্বিক নিরাপত্তা বৃদ্ধি, যানবাহন চলাচল পর্যবেক্ষণ, অপরাধ শনাক্তকরণ এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার ক্ষেত্রে পুলিশের সক্ষমতা আরও বাড়বে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ মনে করে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সংগঠনগুলোর পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। BKMEA ও NCCI-এর এই সহযোগিতা নারায়ণগঞ্জের নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।