লাইসেন্সবিহীন সেবা পরিচালনা: নারায়ণগঞ্জে আহিল ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

দৈনিক বাংলাদেশ দিগন্ত নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: লাইসেন্সবিহীন সেবা পরিচালনা: নারায়ণগঞ্জে আহিল ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা
ছবি: লাইসেন্সবিহীন সেবা পরিচালনা: নারায়ণগঞ্জে আহিল ডায়াগনস্টিক সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা

মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া:

 

নারায়ণগঞ্জের খানপুরে লাইসেন্সবিহীন ও নির্ধারিত বিধি অমান্য করে চিকিৎসা সেবা কার্য পরিচালনার অভিযোগে ‘আহিল ডায়াগনস্টিক সেন্টার’-কে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৮ এপ্রিল ২০২৬) নারায়ণগঞ্জের খানপুর এলাকায় অবস্থিত ‘আহিল ডায়াগনস্টিক সেন্টার’-এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ‘মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি অধ্যাদেশ, ১৯৮২’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ এর সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটি বৈধ লাইসেন্স ছাড়াই এবং নির্ধারিত বিধি লঙ্ঘন করে চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালনা করছে। এ অপরাধে মেডিকেল প্র্যাকটিস এবং বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী ৫ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। মোট জরিমানার পরিমাণ এক লক্ষ টাকা।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনিম সোহানা।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার বিরুদ্ধে পরিচালিত এ অভিযানের সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত