বন্দরে টোল বন্ধ: স্ট্যান্ডের ইজারা বাতিল করলেন সাখাওয়াত

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।

বন্দরে টোল বন্ধ: স্ট্যান্ডের ইজারা বাতিল করলেন সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) আওতাধীন বন্দর ও কদমরসুল এলাকায় যানবাহনের স্ট্যান্ডগুলোর ইজারার মেয়াদ শেষ হওয়ায় সেগুলো বাতিল করেছে কর্তৃপক্ষ। ফলে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এসব এলাকায় কোনো ধরনের টোল আদায় করা যাবে না বলে জানিয়েছে নাসিক।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্দর অঞ্চলের সব স্ট্যান্ডের ইজারার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। এ কারণে ইজারাদারদের টোল আদায় কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। নাসিকের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে কোনো ইজারা না দেওয়া পর্যন্ত এসব সড়কে যানবাহন চলাচলে টোল দিতে হবে না।

তবে শহরের কয়েকটি স্ট্যান্ডে এখনো ইজারার মেয়াদ বহাল থাকায় সেখানে আপাতত টোল আদায় কার্যক্রম চালু রয়েছে। এসব স্ট্যান্ডের ইজারার মেয়াদ আগামী ৩০ জুন শেষ হবে। এরপর সেগুলোতেও টোল আদায় বন্ধ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।

নাসিকের আওতাধীন নবীগঞ্জ ঘাট, বন্দর ঘাট ও মদনগঞ্জ বাস স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে নির্দিষ্ট সময়ের জন্য ইজারা দেওয়া হয়। এসব স্ট্যান্ডে চলাচলকারী যানবাহন থেকে ১৫ থেকে ৫০ টাকা পর্যন্ত টোল আদায় করে ইজারাদাররা, যার বিনিময়ে তারা সিটি কর্পোরেশনকে এককালীন অর্থ পরিশোধ করে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজার কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, “বন্দরের সব স্ট্যান্ডের ইজারার মেয়াদ শেষ হওয়ায় সেগুলো বাতিল করা হয়েছে। আপাতত নতুন করে কোনো ইজারা দেওয়া হচ্ছে না। তাই কেউ টোল আদায় করতে পারবে না।”

এদিকে স্থানীয় চালক ও যাত্রীদের অভিযোগ, টোল বন্ধের ঘোষণা থাকলেও একটি পক্ষ এখনো অবৈধভাবে টোল আদায় করছে। এ বিষয়ে ইজারাদারদের একটি অংশ ইতোমধ্যে সিটি কর্পোরেশনে মৌখিক অভিযোগও দিয়েছে।

এ অভিযোগের পরিপ্রেক্ষিতে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান সংশ্লিষ্ট থানা পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর সাখাওয়াত হোসেন খান ঘোষণা দেন, সিটি কর্পোরেশনের কোনো সড়কে চলাচলের জন্য টোল দিতে হবে না এবং পর্যায়ক্রমে এই প্রক্রিয়া বন্ধ করা হবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত