জুয়া-মাদক ও অশালীনতার অভিযোগে মাঝপথেই বন্ধ ১০৭তম লেংটা মেলা

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

চাঁদপুর প্রতিনিধি:

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের বদরপুরে চলমান ঐতিহ্যবাহী ১০৭তম লেংটার মেলার সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ৩১ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী মেলা চলার কথা থাকলেও মাঝপথেই তা বন্ধ করে দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় মাজার প্রাঙ্গণে মাইকিং করে এ ঘোষণা দেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল। এ সময় তিনি উপস্থিত ভক্ত, ব্যবসায়ী ও দর্শনার্থীদের দ্রুত ও শান্তিপূর্ণভাবে মেলা এলাকা ত্যাগ করার আহ্বান জানান। ঘোষণার সময় মাজারের খাদেম মতিউর রহমান লাল মিয়াও উপস্থিত ছিলেন।

এর আগে মেলাকে কেন্দ্র করে মাদক সেবন, জুয়া, অশ্লীলতা এবং নানা অনিয়মের অভিযোগ উঠে। পাশাপাশি জুয়া ও মাদক ব্যবসায়ীদের হামলায় মাজারের খাদেম আহত হওয়ার ঘটনাও ঘটে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এসব ঘটনার প্রেক্ষিতে জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কা করে প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করে এবং শেষ পর্যন্ত মেলা বন্ধের সিদ্ধান্ত নেয়।

মেলা বন্ধ ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এলাকায় টহল জোরদার করেছে। স্থানীয়রা মনে করছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের এই সিদ্ধান্ত সময়োপযোগী। তবে ভবিষ্যতে এমন বড় আয়োজনের ক্ষেত্রে আগাম পরিকল্পনা ও কঠোর নজরদারির ওপর গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত