পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নারীসহ ১০ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড,

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

 

মোঃ সুজন আহম্মেদ ক্রাইম রিপোর্টার:
 
পাবনা সদর ও চাটমোহর উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে এক নারীসহ ১০ জন মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। মঙ্গলবার (১৬ জুন) দিনব্যাপী পরিচালিত এ অভিযানে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযানকালে আটক ব্যক্তিদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন, ৭৫০ গ্রাম গাঁজা এবং ২০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ বিচারকের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আলিম এবং চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর নেতৃত্বে পৃথক দুটি টিম এ অভিযান পরিচালনা করে। পাবনা সদর উপজেলার লস্করপুর, কবিরপুর ও মহেন্দ্রপুর এলাকা এবং চাটমোহর উপজেলার সারোরা ও কুবিরদিয়ার বিভিন্ন চিহ্নিত মাদক স্পটে চিরুনি অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন— মালিগাছা গ্রামের ইসমাইল হোসেন ভোলা (৩৭), বাংলাবাজার লঞ্চঘাট এলাকার হৃদয় (৩০), আরিফপুরের সোহেল (৩৫), ইসলামগাতির নাজমুল (৪০), সড়াডাঙ্গী গ্রামের জাহাঙ্গীর (৩৫), ভাদ্রা গ্রামের শামীম হোসেন (৫০), সারোরা গ্রামের রিনা খাতুন (৩৫), উথুলী গ্রামের বাবু আলী (৪২), ধরোইল গ্রামের জহুরুল ইসলাম (৫০) এবং মথুরাপুর গ্রামের মানিক হোসেন (৪৫)।

অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা সদর সার্কেলের উপ-পরিদর্শক মো. জামালুর রহমান ও উপ-পরিদর্শক সোহান এবং ঈশ্বরদী সার্কেলের পরিদর্শক মো. আব্দুর রহিম ও উপ-পরিদর্শক মোহাম্মদ শের আলমসহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর বলেন, “পাবনা জেলাকে মাদকমুক্ত করতে এবং মাদক চোরাকারবারিদের নেটওয়ার্ক ভেঙে দিতে ডিএনসি নিরলসভাবে কাজ করছে। মাদকের ভয়াল আগ্রাসন রোধে আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত