নারায়ণগঞ্জ প্রতিনিধি: বন্দিদের মধ্যে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা সৃষ্টি, মাদকমুক্ত জীবনযাপনে উৎসাহিত করা এবং কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা কারাগারের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও ৬০ ঘণ্টাব্যাপী গার্মেন্টস প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
আলোচনা সভায় মাদকের ক্ষতিকর প্রভাব তুলে ধরে বন্দিদের মাদকমুক্ত ও কর্মমুখী জীবনে ফিরে আসার আহ্বান জানান জেলা প্রশাসক। একই সঙ্গে বন্দিদের পুনর্বাসন ও স্বাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি।
জেলা প্রশাসক জানান, কারাগারে বই পড়ার চর্চাকে উৎসাহিত করতে ইতোমধ্যে ভালো বই পড়ে মানসম্মত রিভিউ প্রদানকারী বন্দিদের পুরস্কৃত করা হয়েছে। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে বন্দিদের ইতিবাচক ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, মাদকমুক্ত জীবনে ফিরে আসা বন্দিদের উৎসাহিত করতে কারাগার থেকে মুক্তির পর যারা মাদকমুক্ত থাকবেন, তাদের মধ্য থেকে ১০ জনকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
এ ছাড়া বন্দিদের কর্মদক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বিতা নিশ্চিত করতে গার্মেন্টসের কাজ বা অর্ডার থেকে অর্জিত লাভের ৫০ শতাংশ তাদের মধ্যে প্রদান করা হবে বলে জানান জেলা প্রশাসক।
আয়োজকরা জানান, প্রশিক্ষণ ও কর্মমুখী কার্যক্রমের মাধ্যমে বন্দিদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তাদের স্বাভাবিক জীবনে পুনর্বাসনের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।