নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জেলা পুলিশ, নারায়ণগঞ্জের উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাসমিন আক্তার, পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে তাসমিন আক্তার বলেন, নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে বিভিন্ন ধরনের অপসংস্কৃতি থেকে বিরত রাখা সম্ভব। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তৃণমূলভিত্তিক এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমেই ভবিষ্যতে জাতীয় কাবাডি দলের জন্য যোগ্য খেলোয়াড় তৈরি হবে।
প্রতিযোগিতায় নারায়ণগঞ্জ জেলার ৭টি থানা থেকে পুরুষ ও নারী বিভাগে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ৭টি পুরুষ দল এবং ৭টি নারী দল প্রতিদ্বন্দ্বিতা করে।
পুরুষ বিভাগের উত্তেজনাপূর্ণ ফাইনালে আড়াইহাজার থানাকে পরাজিত করে সদর মডেল থানা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে নারী বিভাগের ফাইনালে সোনারগাঁও থানাকে হারিয়ে বন্দর থানা চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়, কোচ ও টিম ম্যানেজারদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফি, মেডেল এবং বিশেষ অর্থ পুরস্কার তুলে দেন।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।