নারায়ণগঞ্জ প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলার সকল উপজেলায় একযোগে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে সচেতনতামূলক র্যালি ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলার সকল উপজেলার সকল ইউনিয়নে একযোগে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ময়লা-আবর্জনা অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়।
এ সময় নিজ নিজ বাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও পানি জমতে না দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।