আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার কার্যক্রম জোরদারের ঘোষণা।
নিজস্ব প্রতিবেদকঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০২০ সালের অনুমোদনক্রমে আন্তর্জাতিক মানবাধিকার আইন প্রয়োগকারী সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব প্রদীপ চন্দ্র বর্মন। দায়িত্ব গ্রহণের পর তিনি দৈনিক বাংলাদেশ দিগন্ত-কে দেওয়া এক সাক্ষাৎকারে সংগঠনের লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, সততা ও নিষ্ঠার সাথে সমাজের নির্যাতিত, নিপীড়িত এবং অধিকারবঞ্চিত মানুষের ন্যায্য অধিকার আদায়ে সর্বদা কাজ করে যাবেন। বিশেষ করে বাল্যবিবাহ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, খাদ্যদ্রব্যে ভেজাল প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন, জমি জবরদখলসহ বিভিন্ন সামাজিক অনিয়মের বিরুদ্ধে সংগঠনটি সোচ্চার ভূমিকা পালন করবে।
প্রদীপ চন্দ্র বর্মন আরও জানান, অধিকারবঞ্চিত মানুষের কল্যাণে সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে আইনি সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে। মানবাধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
এ সময় সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে সংশ্লিষ্ট সকল নেতা-কর্মী ও শুভানুধ্যায়ীদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।