এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ছাড়া তরল বর্জ্য উৎপাদনকারী একটি অবৈধ কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর।
সোমবার, ২৭ এপ্রিল হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে রূপগঞ্জ উপজেলার বরপা এলাকার 'খালেক টেক্সটাইল অ্যান্ড ফেব্রিক্স' নামের প্রতিষ্ঠানের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে কারখানাটির গ্যাস মিটারও খুলে নেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. তারিফ আল তাওহীদের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশ, ডিপিডিসি, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এবং পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ-পরিচালক জানান, কারখানাটি দীর্ঘদিন ধরে ইটিপি স্থাপন না করেই অপরিশোধিত তরল বর্জ্য আশপাশের খাল ও কৃষিজমিতে ফেলে পরিবেশের মারাত্মক ক্ষতি করছিল। একাধিকবার নোটিশ দেওয়ার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। হাইকোর্টের নির্দেশনার আলোকে আজ সংযোগ বিচ্ছিন্ন করা হলো।
তিনি আরও বলেন, “শীতলক্ষ্যা ও বালু নদীর দূষণ রোধে এবং জনস্বাস্থ্য রক্ষায় নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইটিপি ছাড়া কোনো টেক্সটাইল, ডাইং বা ওয়াশিং কারখানা চলতে দেওয়া হবে না।”
স্থানীয় বাসিন্দারা জানান, কারখানার বর্জ্যে এলাকার জলাশয়ের পানি কালো ও দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছিল। প্রশাসনের এই পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন।