৪৩তম ও ৪৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের ১৩ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) ঢাকা রেঞ্জ স্টাডি ট্যুরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সারদায় মৌলিক প্রশিক্ষণরত এসব নবীন পুলিশ কর্মকর্তা নারায়ণগঞ্জে পৌঁছালে জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে শিক্ষানবিশ এএসপিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ পুলিশের একজন কর্মকর্তা হিসেবে পেশাগত জীবনে সততা, নিষ্ঠা, সাহসিকতা, মানবিকতা ও পেশাদারিত্বের সমন্বয় ঘটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের যোগ্য ও দক্ষ কর্মকর্তা হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের প্রতিটি পর্যায়ে সর্বোচ্চ মনোযোগী হতে হবে। পাশাপাশি সাইবার অপরাধ ও অনলাইন প্ল্যাটফর্মে সংঘটিত অপরাধ প্রতিরোধে দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তিনি। পরে নিজের কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে নবীন কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।
পরবর্তী সময়ে শিক্ষানবিশ এএসপিরা নারায়ণগঞ্জ সদর মডেল থানা, শারিফ মেলামাইন ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড, জামদানি পল্লী, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (লোকশিল্প জাদুঘর) এবং ঐতিহাসিক পানাম নগর পরিদর্শন করেন। এসব পরিদর্শনের মাধ্যমে তাঁরা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিল্প ও সংস্কৃতি, জামদানি শিল্প, লোকজ ঐতিহ্য এবং ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
সফর শেষে শিক্ষানবিশ এএসপিদের সম্মানে পুলিশ সুপারের বাংলোতে নৈশভোজের আয়োজন করা হয়। এতে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ রায়হান কবির উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের মধ্যে সুসম্পর্ক ও আন্তরিকতা বজায় থাকলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জেলার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। এতে সাধারণ জনগণ বেশি উপকৃত হয়। একজন সরকারি কর্মকর্তা হিসেবে জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার ওপরও তিনি গুরুত্ব দেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম শিক্ষানবিশ কর্মকর্তাদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন। অন্যদিকে, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীর পক্ষ থেকে দুজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ক্রেস্ট প্রদান করেন এবং এ আয়োজনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
ঢাকা রেঞ্জ স্টাডি ট্যুরের এ পরিদর্শন কর্মসূচির মাধ্যমে নবীন পুলিশ কর্মকর্তারা নারায়ণগঞ্জ জেলার প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা ব্যবস্থাপনা, শিল্প-সংস্কৃতি ও ঐতিহাসিক ঐতিহ্য সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন।