নারায়ণগঞ্জের টানবাজারে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অভিযানে প্রায় ৮১.৬ মেট্রিক টন কেমিক্যাল ও অন্যান্য কাঁচামালের মজুদ পাওয়া গেছে। এসব পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এম আর ট্রেডার্সের গুদাম সিলগালা করা হয়েছে। একই সঙ্গে বন্ড সুবিধায় আমদানি করা ৪৫ মেট্রিক টন সোডিয়াম হাইড্রোসালফাইটের সন্ধান পায়নি অভিযান পরিচালনাকারী দল। পৃথক দুই প্রতিষ্ঠানের এসব ঘটনায় শুল্ক-কর ফাঁকি ও বন্ড সুবিধার অপব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
রোববার (১ নভেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর নারায়ণগঞ্জের টানবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে। বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কেমিক্যাল অবৈধভাবে খোলাবাজারে বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানকালে এম আর ট্রেডার্সের গুদামে সোডিয়াম হাইড্রোসালফাইটসহ বিপুল পরিমাণ কেমিক্যাল ও অন্যান্য কাঁচামাল মজুদ দেখতে পান কর্মকর্তারা। মোট মজুদের পরিমাণ প্রায় ৮১.৬ মেট্রিক টন। তবে এসব পণ্যের আমদানি, ক্রয় কিংবা বৈধভাবে মজুদের স্বপক্ষে প্রয়োজনীয় নথিপত্র দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। পরে মজুদ পণ্যসহ গুদামটি সিলগালা করা হয়।
অন্যদিকে, বন্ড সুবিধায় আমদানি করা কেমিক্যালের ব্যবহার ও মজুদ যাচাই করতে সিম ফেব্রিক্স লিমিটেডেও অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি বিল অব এন্ট্রি নম্বর সি-১২৯৩৪৮২-এর মাধ্যমে ১৭ অক্টোবর ২০২৬ তারিখে ভারত থেকে ৪৫ মেট্রিক টন সোডিয়াম হাইড্রোসালফাইট আমদানি করেছিল। কিন্তু অভিযানকালে আমদানি করা এসব কেমিক্যালের কোনো সরেজমিন অস্তিত্ব পাওয়া যায়নি।
কাস্টমস গোয়েন্দারা খতিয়ে দেখছেন, বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানি করা কেমিক্যাল নির্ধারিত উৎপাদনকাজে ব্যবহার না করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে কি না। একই সঙ্গে এম আর ট্রেডার্সের গুদামে পাওয়া কেমিক্যালের উৎস এবং সিম ফেব্রিক্স লিমিটেডের আমদানি করা পণ্যের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও তদন্তের আওতায় রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, উদ্ধার হওয়া কেমিক্যালের প্রকৃত উৎস, আমদানি ও ক্রয়-বিক্রয়ের নথি, বন্ড সুবিধার সম্ভাব্য অপব্যবহার এবং এর মাধ্যমে সরকারের কী পরিমাণ রাজস্ব ক্ষতি হয়ে থাকতে পারে, তা নির্ধারণে তদন্ত চলছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বন্ড সুবিধার অপব্যবহার, শুল্কমুক্ত কাঁচামালের অবৈধ বাজারজাতকরণ এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। তদন্ত শেষে এ ঘটনায় জড়িতদের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।