বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের ২০২৬ সালের বিভাগীয় পদোন্নতি পরীক্ষার অংশ হিসেবে রাজশাহীতে চাকরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার ও প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় রাজশাহী জেলা পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কনস্টেবল/নায়েক থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে পদোন্নতিপ্রত্যাশী পুলিশ সদস্যরা অংশ নেন।
রাজশাহী জেলার পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত পরীক্ষায় পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও অতিরিক্ত দায়িত্বে (ক্রাইম) থাকা মাহমুদা শারমীন নেলী, চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত এবং রাজশাহী পুলিশ লাইন্সের আরআই মোঃ আব্দুল আলীম।
পরীক্ষায় কনস্টেবল/নায়েক থেকে এএসআই (নিরস্ত্র) পদে ১১১ জন এবং এএসআই (নিরস্ত্র) থেকে এসআই (নিরস্ত্র) পদে ২৪ জন অংশ নেন। সব মিলিয়ে মোট ১৩৫ জন পুলিশ সদস্যের চাকরির খতিয়ান বিশ্লেষণ, সাক্ষাৎকার গ্রহণ এবং প্যারেড পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করা হয়।
বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের পেশাগত দক্ষতা, যোগ্যতা এবং কর্মমূল্যায়নের ধারাবাহিকতায় এ বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সূত্র: রাজশাহী জেলা পুলিশ মিডিয়া।