শারদীয় দুর্গোৎসব-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বরিশাল জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি জুলফিকার আলী হায়দার।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বরিশাল জেলার পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৌমেন্দ্র কুমার বাইন এবং উজিরপুর, গৌরনদী ও আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জরা।
পরিদর্শনের অংশ হিসেবে উজিরপুর, গৌরনদী ও আগৈলঝাড়া থানার বিভিন্ন পূজামণ্ডপে আয়োজিত মতবিনিময় সভায় অতিথিরা পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সভায় সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পূজার আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত এ নিরাপত্তাব্যবস্থা অব্যাহত থাকবে।
এ সময় উৎসবকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে পূজা উদ্যাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়। জেলা পুলিশ দুর্গোৎসবের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সবসময় পাশে থাকার আশ্বাস দিয়েছে।