নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের নাম ব্যবহার করে এক নারীর দেনমোহরের টাকা আত্মসাতের অভিযোগে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাকিব হাসান রাজ।
এক বিবৃতিতে রাকিব হাসান রাজ দাবি করেন, অর্থ আত্মসাতের ঘটনায় অভিযুক্ত সাইদ নামে ওই ব্যক্তি জাকির খানের কোনো ব্যক্তিগত সহকারী (পিএস) নন। এ ঘটনার বিষয়ে জাকির খানও অবগত ছিলেন না বলে দাবি করেন তিনি।
রাকিব হাসান রাজ বলেন, সংবাদে মারিয়া নামে এক নারীর দেনমোহরের টাকা আত্মসাতের ঘটনায় জাকির খানের নাম যেভাবে উল্লেখ করা হয়েছে, তা বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। তার দাবি, সাইদ স্থানীয় বিএনপি নেতা কাদিরের সহযোগী হিসেবে চলাফেরা করতেন এবং সেই সূত্রে মাঝে মধ্যে জাকির খানের কার্যালয় ও আশপাশের এলাকায় যাতায়াত করতেন।
তিনি আরও বলেন, কেউ যদি জাকির খানের নাম বা পরিচয় ব্যবহার করে কোনো অনৈতিক সুবিধা গ্রহণ কিংবা অর্থ আত্মসাৎ করে থাকে, তার দায়ভার জাকির খান বা সংশ্লিষ্ট সংগঠনের ওপর বর্তায় না।
প্রকাশিত সংবাদকে রাজনৈতিকভাবে জাকির খানের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হিসেবে উল্লেখ করে রাকিব হাসান রাজ সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও সাধারণ মানুষের প্রতি ঘটনার প্রকৃত সত্যতা যাচাই করে সংবাদ প্রকাশ ও প্রচারের আহ্বান জানান।
একই সঙ্গে তিনি জানান, জাকির খানের নাম ব্যবহার করে অভিযুক্ত সাইদ ওই নারীর সঙ্গে কোনো অনিয়ম করেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।