সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে আটক, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে প্রেরণ
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. শরীফ হোসেনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বিশেষ অভিযানের মাধ্যমে তাকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে বুধবার (১০ জুন) শরীফ হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শরীফ হোসেন (৩০) সিদ্ধিরগঞ্জ থানার জালকুড়ি নাইতারপাড়া এলাকার বাসিন্দা। তিনি নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া একটি নিয়মিত মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।