_আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিদেশি অস্ত্র উদ্ধার; আটক ব্যক্তি পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী বলে জানিয়েছে র্যাব_
ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-১০।
র্যাব জানায়, গত ৭ মে ২০২৬ রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে র্যাব-১০ এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ সময় আরিফুর রহমান নয়ন (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ঢাকার শ্যামপুর এলাকার করিমুল্লারবাগ এলাকার বাসিন্দা। অভিযানকালে তার কাছ থেকে তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, আটক ব্যক্তি শুধু অস্ত্র ব্যবসার সঙ্গেই জড়িত নন, তার বিরুদ্ধে শ্যামপুর থানা-এ মারামারি, ছিনতাই ও বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। র্যাবের দাবি, তিনি একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী এবং দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
র্যাব আরও জানায়, গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধ নিয়ন্ত্রণে র্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।