ফতুল্লায় গার্মেন্টস জুট নিয়ে দ্বন্দ্বে গুলিবিদ্ধের ঘটনায় ৩ জন গ্রেফতার, কুয়াকাটা থেকে আটক

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।

 

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন চাঁদনী হাউজিং এলাকায় গার্মেন্টসের জুট নামানোকে কেন্দ্র করে সংঘটিত গোলাগুলির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পটুয়াখালীর কুয়াকাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল আনুমানিক ১০টার দিকে “বেস্ট স্টাইল কম্পোজিট” নামক একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের জুট নামানোকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে ইমরান (১৩) নামে এক মাদ্রাসা ছাত্রসহ দু’জন গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় গুলিবিদ্ধ রাকিবুল হাসান রাকিব (২৩)-এর পিতা মো. হোসেন খোকা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রুজুর পর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় অভিযান শুরু করে পুলিশ।

ফতুল্লা থানার এসআই (নিঃ) মো. রফিক, পিপিএম এবং এসআই (নিঃ) শামীমের নেতৃত্বে একটি আভিযানিক দল বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় ১৪ এপ্রিল দিবাগত রাত ২টা ১৫ মিনিটে পটুয়াখালীর মহিপুর থানাধীন কুয়াকাটার হোটেল “গ্র্যান্ড সাফা” থেকে তিনজন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—

মো. খাইরুল আলম জসিম (৫৩), মো. লিয়ন মাহমুদ আকাশ (২২) এবং মো. মনির হোসেন (৪৮)। তারা সকলেই মামলার এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত আসামি।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত