লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উৎসবের প্রস্তুতি পরিদর্শনে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির
মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া :
আসন্ন ‘মহাতীর্থ লাঙ্গলবন্দ অষ্টমী স্নান উৎসব’ উপলক্ষে প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬ খ্রি.) জেলা প্রশাসক তীর্থস্থান লাঙ্গলবন্দ পরিদর্শন করে ২৫ ও ২৬ মার্চ অনুষ্ঠিতব্য অষ্টমী স্নান উৎসবের সার্বিক প্রস্তুতি কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি উৎসবকে ঘিরে নেওয়া বিভিন্ন প্রস্তুতি ও ব্যবস্থাপনা সরেজমিনে তদারকি করেন।
এসময় জেলা প্রশাসক বলেন, ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের অন্যতম এই ধর্মীয় উৎসব যাতে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হয় সে লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তিনি সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং আগত পূণ্যার্থীদের সার্বিক নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, নারায়ণগঞ্জের পুলিশ সুপারসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ।