লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব উপলক্ষে বারদী আশ্রমে আইন-শৃঙ্খলা ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভক্তদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা; দায়িত্বপ্রাপ্ত সদস্যদের দিকনির্দেশনা দিলেন পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী

শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ঐতিহ্যবাহী বারদী আশ্রমে আগত ভক্তদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ জুন) আয়োজিত এ ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।

বক্তব্যে তিনি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সতর্কতা, শৃঙ্খলা ও জনবান্ধব আচরণ বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। তিনি বলেন, “ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগের সৃষ্টি না হয়, সেজন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসবে আগত সকল ভক্ত ও দর্শনার্থীর নিরাপদ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে জেলা পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে।”
পুলিশ সুপার আরও বলেন, উৎসবস্থল ও আশপাশের এলাকায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে। সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি ট্রাফিক ব্যবস্থাপনা, জনসমাগম নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ পয়েন্টে নজরদারি বৃদ্ধি, সন্দেহজনক ব্যক্তি ও বস্তু শনাক্তকরণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
ব্রিফিং শেষে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী সোনারগাঁও উপজেলার বারদী পর্যটন কেন্দ্রে অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর পৈতৃক বাসভবন ও লাইব্রেরি পরিদর্শন করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দ, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা, সোনারগাঁও থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় অনুষ্ঠান উদযাপনে তারা বদ্ধপরিকর এবং এ লক্ষ্যে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত