মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক


বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম

কক্সবাজারের টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাসের যাত্রীদের উদ্ধার করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৩ জুন) সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায়, কেয়ারী ঘাট সংলগ্ন নৌ-পুলিশ ফাঁড়ির পাশের ব্রিজে কক্সবাজার-টেকনাফগামী পালকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে পাশের খালে উল্টে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমদমিয়া বিওপির বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তাদের তাৎক্ষণিক তৎপরতা, সাহসিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে বাসে থাকা সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।

দুর্ঘটনায় দুইজন নারী ও এক শিশু গুরুতর আহত হন। বিজিবি সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সর্বশেষ প্রাপ্ত তথ্যে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

বিজিবি সূত্রে জানা যায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো দুর্যোগ, দুর্ঘটনা ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে বাহিনীটি। ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ডে বিজিবি সর্বদা প্রস্তুত থাকবে বলে জানানো হয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত