নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযানে বিক্রয় নিষিদ্ধ নতুন মোড়কের ৭৪ বোতল মাদকদ্রব্য FAIRDYL ও WINCEREX উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ ২২ হাজার টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, পিপিএমের দিকনির্দেশনায় জেলাজুড়ে মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে ডিবির এসআই মিজানুর রহমান, পিপিএম ও এসআই মফিজুল ইসলাম, পিপিএমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।
গত ১০ অক্টোবর ২০২৬ তারিখ রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন মধ্য সানারপাড় এলাকার আঃ আওয়াল ভূঁইয়ার বাড়িতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ বোতল FAIRDYL ও ৪৪ বোতল WINCEREX উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার করা হয় ৭৪ বোতল মাদকদ্রব্য।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রূপগঞ্জ থানার বরপা এলাকার মৃত খোদা বক্সের ছেলে ইকবাল খাঁ (৫০), যিনি সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড়ে আঃ আওয়াল ভূঁইয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন এবং মধ্য সানারপাড় এলাকার মৃত আঃ আওয়াল ভূঁইয়ার ছেলে খবির ভূঁইয়া (৩৬)।
এ ঘটনায় এসআই মফিজুল ইসলাম, পিপিএম বাদী হয়ে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় এজাহার দায়ের করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্য নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।