এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের অপরাধে আরও পাঁচজনকে সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে। এ ঘটনায় মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৩টা ৫ মিনিটে উপজেলার নাইঘর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ব্রাহ্মণপাড়া-হরিমঙ্গল সড়কে অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. মেহেরাজ হোসেন সিয়াম (১৯) ও মো. সাকিব (২৩)কে গ্রেপ্তার করে পুলিশ।
ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহতাব হোসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার আচার্য্য, উপ-পরিদর্শক (এসআই) মাহতাব হোসাইন ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লিংকন কুমার নাথের নেতৃত্বে পৃথক অভিযানে রিয়াদ (১৯), সাদ্দাম (২৮), বখতিয়ার (২০), কাউছার (৩৫) ও আনিছ (২৮)কে আটক করা হয়। পরে মাদক সেবনের অপরাধে তাদের সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।