নারায়ণগঞ্জে কারামুক্তির দুই ঘন্টার মধ্যে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

দৈনিক বাংলাদেশ দিগন্ত নিউজ ডেস্ক
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক।
ছবি: নিজস্ব প্রতিবেদক।

নারায়ণগঞ্জে কারামুক্তির দুই ঘন্টার মধ্যে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক খুন

 

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লায় কারাগার থেকে মুক্তি পাওয়ার মাত্র দুই ঘন্টার ব্যবধানে প্রতিপক্ষের সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ইমন (৩৯) নামের এক যুবক খুন হয়েছেন। 

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে জেলার ফতুল্লা থানাধীন মাসদাইর গুদারাঘাট সংলগ্ন ওয়াজউদ্দিন মিস্ত্রিবাগ এলাকায় এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। 

নিহত ইমন ওই এলাকার ওমর খৈয়ামের পুত্র।

 

নিহত ইমনের বাবা ওমর খৈয়াম জানান, দীর্ঘ কারাভোগের পর সোমবার রাত সাড়ে ৭টার দিকে জামিনে মুক্তি পেয়ে বাসায় ফেরেন ইমন। বাসায় আসার কিছুক্ষণ পরই ফেরদৌস নামের এক ব্যক্তি মোবাইলে ফোন করে ইমনকে মিস্ত্রিবাগ এলাকার বাবুল মিয়ার বাসায় ডেকে নেন। সেখানে যাওয়ার পর ফেরদৌস তাকে সন্ত্রাসী জাহিদ, চক্ষু হৃদয় ও বিল্লালের পুত্র হৃদয়সহ অন্যদের হাতে তুলে দেয়।

 

পরবর্তীতে জাহিদ ও তার সহযোগীরা ইমনকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। প্রাণ বাঁচাতে ইমন দৌড়ে পার্শ্ববর্তী সাদেক মিয়ার বাড়িতে আশ্রয়ের চেষ্টা করলে সেখানেও তাকে কুপিয়ে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে স্বজনরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শহরের খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

 

ওমর খৈয়াম আরও জানান, হামলাকারীদের মধ্যে ‘চক্ষু হৃদয়’ নামের যুবকটিও আজই কারাগার থেকে জামিনে বের হয়েছে। নিহত ইমন তার বাবার সাথে ইলেকট্রিকের কাজ করতেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে কাজ শুরু করেছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত