শীতলক্ষ্যায় গোসলে নেমে ১০ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের সৈয়দপুর এলাকায় শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নেয়ামত (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ শীতলক্ষ্যা ব্রিজ সংলগ্ন কয়লাঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নেয়ামত বন্ধুদের সঙ্গে নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে তিনি গভীর পানিতে তলিয়ে যান।
পরে উপস্থিত লোকজন তাকে খুঁজে বের করার চেষ্টা চালায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। কিছুক্ষণ পর নদী থেকে অচেতন অবস্থায় নেয়ামতকে উদ্ধার করা হয়।
তাকে দ্রুত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি জানান, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সহযোগিতায় শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত বিষয় ময়নাতদন্তের পর জানা যাবে।