নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও জুলাই ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) পুলিশ লাইন্স ড্রিল শেডে পৃথক এ সভা অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ ও পুলিশ সদস্যরা তাদের সামষ্টিক বিভিন্ন সমস্যা ও কল্যাণসংক্রান্ত বিষয় তুলে ধরেন। পরে এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী।
সভায় কর্মদক্ষতা ও বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত ফতুল্লা থানার এসআই (নিঃ) নন্দন চন্দ্র সরকার, শ্রেষ্ঠ এএসআই বন্দর থানার এএসআই (নিঃ) জহিরুল ইসলাম, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার পিএসআই আলিমুজ্জামান এবং শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) আব্দুল্লাহ আল মামুনকে পুরস্কৃত করা হয়।
এছাড়া শ্রেষ্ঠ ট্র্যাফিক অফিসার হিসেবে ট্র্যাফিক শাখার সার্জেন্ট রাজন কুমার দত্ত, ক্লু-লেস মামলা ডিটেকশনে বিশেষ অবদানের জন্য জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) এস.এম. আব্দুল আজিজ, বন্দর থানার এসআই (নিঃ) ইয়াছিন আরাফাত, সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মাসুম বিল্লাহ ও সোনারগাঁ থানার এসআই (নিঃ) ইকরামউজ্জামানকে পুরস্কৃত করা হয়।
অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য রিজার্ভ অফিসের এসআই (নিঃ) মোহাম্মদ হুমায়ুন কবির, কনস্টেবল-১৯৫০ মো. শাকিল ও কনস্টেবল-১০২১ সালাহ উদ্দিন আহমেদ এবং জেলা বিশেষ শাখার ডিআইও কামরুল হাসান ও ওয়াচার কনস্টেবল-৯৪৬ নুর-ই-আলমকেও পুরস্কৃত করেন পুলিশ সুপার।
পরে দুপুর ১২টায় জুলাই ২০২৬ মাসের বিভিন্ন মামলার অগ্রগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ‘অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জুলাই মাসের বিভিন্ন মামলার অগ্রগতি ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত উপস্থাপন করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী। এ সময় র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার, পিবিআই, সিআইডি, নৌ-পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের পুলিশ পরিদর্শকবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলার অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।