নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাই কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারসহ দুই দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ মে ২০২৬ খ্রিস্টাব্দ বেলা আনুমানিক ১১টা ৪৫ মিনিটে আড়াইহাজার থানাধীন দুপ্তারা ইউনিয়নের পাল্লা রোড এলাকায় মোঃ ফয়েজ আহাম্মদ (৪৬) ও তার স্ত্রী অটোরিকশাযোগে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হন। এসময় ঢাকা মেট্রো-গ-৩৪-৮৩০৮ নম্বরের একটি সাদা প্রাইভেটকারে আসা দুষ্কৃতিকারীরা তাদের অটোরিকশার গতিরোধ করে ফয়েজ আহাম্মদের স্ত্রীর হাত থেকে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল ফোন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে বিষয়টি পুলিশকে জানানো হলে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে একটি অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এসআই (নিঃ) মাহাবুর রহমান মামুন সঙ্গীয় ফোর্স ও স্থানীয় জনতাকে সঙ্গে নিয়ে গাউছিয়া ফ্লাইওভার এলাকায় ব্যারিকেড স্থাপন করেন।
অভিযানকালে ছিনতাই কাজে ব্যবহৃত প্রাইভেটকারসহ বাদশা মিয়া দেওয়ান (৫৪) ও মোঃ ফারুক (৪৫) নামে দুইজনকে আটক করা হয়। তাদের বাড়ি চাঁদপুর জেলার হাইমচর থানার বগুলা পাড়া এলাকায়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত বাদশা মিয়া দেওয়ানের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও ছিনতাইসহ বিভিন্ন থানায় মোট ১০টি মামলা রয়েছে। এছাড়া মোঃ ফারুকের বিরুদ্ধে রয়েছে ৩টি মামলা।
এ ঘটনায় আড়াইহাজার থানায় পেনাল কোডের ৩৯৪ ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃত আসামিদের বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।