নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নির্দেশনায় নগরীর পরিত্যক্ত রাইফেল ক্লাব প্রাঙ্গণে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ।
পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে পরিচালিত এ অভিযানে সার্বিক নেতৃত্ব ও তদারকি করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরন। তিনি উপস্থিত থেকে কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং দায়িত্বপ্রাপ্ত পরিচ্ছন্নতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন, যাতে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সফলভাবে সম্পন্ন করা যায়।
এ সময় পরিত্যক্ত রাইফেল ক্লাব প্রাঙ্গণে জমে থাকা আবর্জনা, ঝোপঝাড় ও বিভিন্ন বর্জ্য অপসারণের মাধ্যমে এলাকাটি পরিষ্কার করা হয়। এ উদ্যোগের ফলে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, নগরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল রাখতে প্রশাসকের নির্দেশনায় এ ধরনের বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।