নারায়ণগঞ্জ শহরের যানজট কমানো এবং নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে আনসার সদস্য মোতায়েন করেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। বুধবার (৮ জুলাই) শহরের বঙ্গবন্ধু সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং যান চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের পাশাপাশি আনসার সদস্যদের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান। এর আগে মঙ্গলবার নগরভবনে শহরের সড়ক ব্যবস্থাপনা, নিরাপত্তা ও জনসেবার মানোন্নয়ন বিষয়ে আনসার সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।
সিটি প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বুধবার সকাল থেকেই শহরের মণ্ডলপাড়া, সরকারি মহিলা কলেজ মোড়, চাঁদমারী নতুন সড়ক এবং মিশনপাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দায়িত্ব পালন শুরু করেন আনসার সদস্যরা।
দায়িত্বরত আনসার সদস্যরা জানান, যানজট নিয়ন্ত্রণে তারা দুই শিফটে দায়িত্ব পালন করছেন। প্রথম শিফট সকাল ৬টা থেকে দুপুর ২টা এবং দ্বিতীয় শিফট দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত পরিচালিত হচ্ছে।
তারা আরও জানান, শহরের তীব্র যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত ছয় সিটের বড় ব্যাটারিচালিত অটোরিকশাগুলোর মূল শহরে প্রবেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। শহরের প্রবেশমুখ থেকেই এসব যানবাহন ফিরিয়ে দেওয়া হচ্ছে, যাতে কেন্দ্রীয় সড়কগুলোতে যানজট সৃষ্টি না হয়।
সরেজমিনে দেখা যায়, আনসার সদস্যদের পাশাপাশি সিটি কর্পোরেশনের নিজস্ব যানজট নিরসন কর্মী এবং ট্রাফিক পুলিশও সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। অন্তত এক ঘণ্টার পর্যবেক্ষণে দেখা যায়, ভুল পথে প্রবেশকারী যানবাহনের চালকদের সতর্ক করা হচ্ছে। প্রয়োজন হলে কিছু গাড়ির সিট খুলে রাখা এবং চাকার বাতাস ছেড়ে দিয়ে নিয়ম ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াও দেখা গেছে।
আনসার সদস্যদের এই কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় রিকশাচালকরা। তাদের একজন বলেন, “আগের তুলনায় এখন শহরের পরিবেশ অনেক ভালো। রাস্তায় গাড়ি চালিয়ে স্বস্তি পাওয়া যাচ্ছে। আগে বিভিন্ন স্থানে যানবাহনের জটলা লেগেই থাকত। এখন আনসার সদস্যরা দ্রুত যানবাহন সরিয়ে দিচ্ছেন এবং বড় অটোরিকশাগুলোকে শহরে প্রবেশ করতে দিচ্ছেন না।”