ছাত্রদল নেতা সাগরের নামে অপপ্রচার ও ১০ লাখ টাকা চাঁদা দাবি, ব্রাহ্মণবাড়িয়া থেকে আটক ১

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম সাগরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে নিয়ে ফেসবুকে ভিডিও সম্পাদনার মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে মেহেদী হাসান রাজিব (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন বাদৈর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও ‘আমরা বিএনপি পরিবার’ নামের একটি ফেসবুক আইডি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে একটি চক্র ‘আমরা বিএনপি পরিবার’ নামের ফেসবুক আইডি ব্যবহার করে রকিবুল ইসলাম সাগরসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির ভিডিও সম্পাদনা করে মিথ্যা তথ্য প্রচার করে আসছিল। অভিযোগ রয়েছে, চক্রটির মূলহোতা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সাগরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং বিকাশের মাধ্যমে কিছু টাকা গ্রহণ করেন।

এ ঘটনায় রকিবুল ইসলাম সাগর বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

ঘটনাটিকে চাঞ্চল্যকর ও স্পর্শকাতর উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান, পিপিএমের নির্দেশনায় ডিবির অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামানের তত্ত্বাবধানে এবং ডিবির ওসি নজরুল ইসলামের সমন্বয়ে তদন্ত শুরু হয়। পরে ডিবির আইটি শাখার এসআই মফিজুল ইসলাম, পিপিএমের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্তকে শনাক্ত ও আটক করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে অন্যদের প্ররোচনায় এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে যাচাই এবং আদালতে প্রমাণের বিষয়টি এখনো বাকি।

পুলিশ আরও জানায়, আটক ব্যক্তিকে সাত দিনের রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত