নারায়ণগঞ্জে সাহেব আলী হত্যা: এজাহারনামীয় ৩ নম্বর আসামি সব্বির গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আলোচিত সন্ত্রাসী সাহেব আলী হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি সব্বিরকে (২৮) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১। সোমবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১১-এর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ অক্টোবর বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জ থানাধীন আটি ওয়াবদা কলোনির ইত্তেহাদ টাওয়ারের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। অভ্যন্তরীণ কোন্দল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সশস্ত্র ব্যক্তিরা আটি এলাকার তালিকাভুক্ত সন্ত্রাসী সাহেব আলীকে (৪০) লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে বলে জানানো হয়।

গুলিবিদ্ধ হয়ে সাহেব আলী সড়কের পাশের একটি খালে পড়ে গেলে হামলাকারীরা তাকে লক্ষ্য করে আরও গুলি ছুড়ে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায় বলে জানায় এসআরবি।

সংস্থাটি আরও জানায়, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় ১৩ অক্টোবর রাত ১১টার দিকে এসআরবি-১১-এর সিপিএসসি-এর একটি বিশেষ আভিযানিক দল আটি ওয়াবদা কলোনি এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি সব্বিরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সব্বির ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে। তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১১ জানিয়েছে, এ হত্যাকাণ্ডে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ‘বাংলাদেশ আমার অহংকার’ স্লোগানকে ধারণ করে সন্ত্রাস দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত