এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত চারজন এবং মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে একজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার দক্ষিণ চান্দলা ও শশীদল ইউনিয়নে অভিযান দুটি পরিচালনা করা হয়। পুলিশ জানায়, রাত ১০টা ৫৫ মিনিটে চান্দলা রামচন্দ্রপুর এলাকায় মন্দবাগ-টানাব্রিজ সড়কে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. রাকিব হোসেন (২৩)কে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই আল-আমিন ও এএসআই মো. কামরুজ্জামান।
এর পাঁচ মিনিট পর রাত ১১টায় শশীদল ইউনিয়নের মল্লিকারদিঘী রেলগেট সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে আরও আট কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. হোসেন মিয়া (৫০)কে গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এসআই ডি.এম.এ মজিদ ও এএসআই মো. নুর-আল-আহসান।
এদিকে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পৃথক অভিযানে জিআর সাজা পরোয়ানাভুক্ত মোছা. শিউলী আক্তার এবং জিআর পরোয়ানাভুক্ত মিটন চন্দ্র দাস (২৫), মোছা. পাখি আক্তার ওরফে শিউলী আক্তার (২৭) ও মো. শরীফ হোসেন আকাশ (৩২)কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে মাদক সেবনের অপরাধে হাবিবুর রহমান (৪০) নামে একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক হোসেন জানান, পৃথক অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধারসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।