ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বারবার হামলার মধ্যে দুই সপ্তাহ বন্ধ থাকার পর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালুর কথা ছিল রোববার (২৫ অক্টোবর)। এরই মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে লড়াইরত সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে ধারাবাহিক হামলা চালিয়েছে হুথিরা।
ইয়েমেনের হুথি বিদ্রোহী ও রিয়াদ-সমর্থিত সরকারের মধ্যে কয়েক বছর ধরে চলা যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর নতুন করে সংঘাত শুরু হয়।
হুথিদের হামলার কারণে দুই সপ্তাহ বন্ধ থাকার পর রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর রোববার থেকে আবারও ফ্লাইট চালুর ঘোষণা দেয়।
চলতি মাসেও বিমানবন্দরটিতে হামলা চালায় হুথিরা। ওই হামলায় ১৩ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন। এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।
বিমানবন্দরের পাশাপাশি সৌদি আরবের তেল স্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনাও লক্ষ্যবস্তু করেছে হুথিরা। রোববার সৌদি নেতৃত্বাধীন ইয়েমেনের সামরিক জোট জানায়, তারা সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া হুথিদের ১০টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।
এদিকে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সতর্ক করে বলেছেন, রিয়াদের বিমানবন্দর এখনো ‘নিরাপদ নয়’ এবং এটি তাদের বাহিনীর ‘সামরিক লক্ষবস্তু।