কলেজ প্রশাসনের বিরুদ্ধে ১৬ দফা অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন ছাত্রীরা কলেজের শিক্ষক ও প্রশাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানসিক হয়রানি, অসহযোগিতামূলক আচরণ, আর্থিক অনিয়ম এবং আবাসনসংক্রান্ত নানা অভিযোগ তুলে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ (৫ নভেম্বর) কলেজের ছাত্রীরা এসব অভিযোগের প্রতিবাদে অধ্যক্ষের কক্ষে তালা দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো সমাধান পাওয়া যায়নি। বরং অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের সঙ্গে অপমানজনক ও অসহযোগিতামূলক আচরণ করা হয়েছে।
গর্ভমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সাইন্স কলেজ বিক্ষোভকারীদের অন্যতম অভিযোগ, হলসংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে দুই ছাত্রীকে প্রায় এক মাস ধরে মানসিকভাবে হয়রানি করা হয়েছে। এ ছাড়া ১২ হাজার ৬০০ টাকার বিল কোন ভিত্তিতে আদায় করা হয়েছে, তার যথাযথ হিসাব ও যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, কথায় কথায় হলের আসন বাতিলের হুমকি দেওয়া, ভয়ভীতি প্রদর্শন, ডিপার্টমেন্টের মাধ্যমে হয়রানি এবং ছুটিকালীন সময়ে গেট ও প্রবেশসংক্রান্ত জটিলতা তৈরি করে তাদের মানসিক চাপে রাখা হচ্ছে। শিক্ষকদের আচরণ নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, কোনো ছাত্রী বিয়ের কথা জানালে তাকে বলা হয় নাউজুবিল্লাহ! , আবার কোনো শিক্ষার্থী মা হলে তাকে প্রশ্ন করা হয়, "বাচ্চা নিয়েছ কেন? হয় সংসার করবে, না হয় পড়াশোনা করবে।" শিক্ষার্থীদের দাবি, মোনালিসা ম্যাডাম এবং ACS বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মালিহা ম্যাডামের বিরুদ্ধে এ ধরনের মন্তব্য ও আচরণের অভিযোগ রয়েছে। তাদের প্রশ্ন, একজন নারী শিক্ষার্থীর বিয়ে কিংবা মাতৃত্ব কি তার উচ্চশিক্ষা গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়াবে? শিক্ষার্থীদের ব্যক্তিগত জীবন নিয়ে এমন মন্তব্য করার অধিকার শিক্ষকদের কে দিয়েছে? এ ছাড়া হলের অডিটোরিয়ামে অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বাধা ও বৈষম্য, যথাযথ অনুমতি নিয়ে অনুষ্ঠান আয়োজনের পরও জরিমানা, হলের ফি প্রতি ছয় মাস অন্তর বৃদ্ধি, শিক্ষার্থীদের নন-কলেজিয়েট করা এবং তৃতীয় বর্ষের পরীক্ষা আটকে রাখার অভিযোগও তুলেছেন বিক্ষোভকারীরা। শিক্ষার্থীদের উত্থাপিত ১৬ দফা দাবির মধ্যে আরও রয়েছে হলের অর্থ আদায়ের হিসাব প্রকাশ, আবাসনসংক্রান্ত সিদ্ধান্তের যৌক্তিকতা নিশ্চিত করা, ক্যাম্পাসে কোয়ার্টার বহিরাগতদের ভাড়া দেওয়ার অভিযোগের ব্যাখ্যা এবং প্রশাসনের একতরফা সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা বন্ধ করা। এদিকে বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অমানবিকতা ও শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্তের অভাবের অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
তাদের অভিযোগ, ক্লাস চলাকালীন বাধ্যতামূলক ইন্টার্নশিপ, গুরুতর অসুস্থতা, মাতৃত্বকালীন ছুটি এবং বিভিন্ন ব্যক্তিগত সমস্যার বিষয়গুলো যথাযথভাবে বিবেচনা না করেই শিক্ষার্থীদের নন-কলেজিয়েট ঘোষণা করা হচ্ছে। শিক্ষার্থীদের আরও অভিযোগ, যথাযথ আবেদনপত্র (অ্যাপ্লিকেশন) জমা দেওয়ার পরও তাদের সমস্যাগুলো বিবেচনায় নেওয়া হচ্ছে না। বরং নন-কলেজিয়েট ঘোষণার পাশাপাশি অর্থদণ্ডও চাপিয়ে দেওয়া হচ্ছে। নিজেদের প্রশাসনিক ও বিভাগীয় ব্যর্থতার দায় শিক্ষার্থীদের ওপর চাপানোর এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন তারা। শিক্ষার্থীরা এসব অন্যায্য সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার, নন-কলেজিয়েট করার সিদ্ধান্তের স্বচ্ছ ব্যাখ্যা এবং অর্থদণ্ডের যৌক্তিকতা প্রকাশের দাবি জানিয়েছেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা সব অভিযোগের সুষ্ঠু তদন্ত, প্রশাসনিক জবাবদিহি এবং সমস্যাগুলোর দ্রুত সমাধান দাবি করেছেন। তাদের বক্তব্য, শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের নিরাপদ ও সম্মানজনক শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জায়গা। সেখানে শিক্ষার্থীদের হয়রানি, ভয়ভীতি প্রদর্শন কিংবা আর্থিক চাপের মুখে পড়তে হলে তা কোনোভাবেই কাম্য নয়। শিক্ষার্থীদের ১৬ দফা অভিযোগ ও দাবির বিষয়ে কলেজ প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে প্রতিবেদনে যুক্ত করা হবে।