নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এএফএম মুশিউর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে জেলার নতুন সিভিল সার্জন হিসেবে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম সাখাওয়াত হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদলের তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. এএফএম মুশিউর রহমানকে ওএসডি করে আগামী ২৪ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন হিসেবে ডা. এস এম সাখাওয়াত হোসেনকে যোগদান করতে বলা হয়েছে।
ডা. মুশিউর রহমান ২০২২ সালের জানুয়ারিতে নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। প্রায় সাড়ে চার বছর ধরে তিনি এ পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
চলতি বছরের ১৪ জুন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আইসিইউ সেবা কার্যক্রম উদ্বোধন করতে এসে হাসপাতালের বিভিন্ন অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ওই সময় তিনি সিভিল সার্জন হিসেবে ডা. মুশিউর রহমানের দীর্ঘদিন দায়িত্ব পালনের বিষয়টিও উল্লেখ করেন এবং হাসপাতালের অব্যবস্থাপনা নিরসনে সংশ্লিষ্টদের তিন দিনের সময়সীমা বেঁধে দেন।
এরই মধ্যে জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমানের বিরুদ্ধে এক প্রয়াত নার্সের পরিবারের কাছ থেকে পেনশনের চেক প্রদানের বিনিময়ে অর্থ দাবির অভিযোগসংবলিত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার কয়েকদিনের মধ্যেই তার ওএসডি হওয়ার খবর আসে।
অন্যদিকে, নতুন দায়িত্ব পাওয়া ডা. এস এম সাখাওয়াত হোসেন ২৪তম বিসিএসের একজন কর্মকর্তা। নারায়ণগঞ্জে নতুন সিভিল সার্জন হিসেবে তার দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে জেলা স্বাস্থ্য প্রশাসনে নতুন নেতৃত্ব আসছে।