বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে প্রার্থী ইলিয়াস কোবরা; দোয়া ও সমর্থন কামনা

স্টাফ রিপোর্টার
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি: নিজস্ব প্রতিবেদক
ছবি: নিজস্ব প্রতিবেদক

 

মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার:

 

আগামী ০৩ জুলাই ২০২৬ (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি-এর বহুল প্রতীক্ষিত নির্বাচন ও সম্মেলন। নির্বাচনকে ঘিরে চলচ্চিত্র অঙ্গনে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। এ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেশের সুপরিচিত মার্শাল আর্টিস্ট ও চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কোবরা।কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কৃতী সন্তান ইলিয়াস কোবরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের চলচ্চিত্রে অ্যাকশন অভিনেতা ও মার্শাল আর্ট প্রশিক্ষক হিসেবে সুনামের সঙ্গে কাজ করে আসছেন। চলচ্চিত্র শিল্পের উন্নয়ন, শিল্পীদের অধিকার রক্ষা, পারস্পরিক ঐক্য সুদৃঢ় করা এবং নতুন প্রজন্মের শিল্পীদের এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় নিয়ে তিনি ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশগ্রহণ করেছেন।নির্বাচন উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ রহমান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সাজ্জাদ এবং সদস্য মোহাম্মদ হোসাইন, মাজিবুল হক ও আবু মুসা-এর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ইলিয়াস কোবরা। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের কাছে আন্তরিকভাবে দোয়া ও সমর্থন কামনা করেন।তিনি বলেন, "আমি নির্বাচিত হওয়ার সুযোগ পেলে চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ, অধিকার ও মর্যাদা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করব। শিল্পী সমিতিকে আরও কার্যকর, ঐক্যবদ্ধ ও গতিশীল সংগঠনে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি নতুন শিল্পীদের বিকাশ এবং দেশের চলচ্চিত্র শিল্পকে আরও সমৃদ্ধ করতে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।"সৌজন্য সাক্ষাৎকালে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ইলিয়াস কোবরার সফলতা কামনা করেন এবং তাঁর প্রার্থিতাকে টেকনাফ তথা কক্সবাজারবাসীর জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন। তাঁরা আশা প্রকাশ করেন, নির্বাচিত হলে তিনি চলচ্চিত্র শিল্পের উন্নয়ন এবং শিল্পীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।এদিকে ইলিয়াস কোবরার প্রার্থিতাকে ঘিরে টেকনাফসহ কক্সবাজারের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা দিয়েছে। স্থানীয়রা মনে করছেন, টেকনাফের একজন কৃতী সন্তান দেশের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র সংগঠনের গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করায় এটি পুরো এলাকার জন্য গর্ব ও সম্মানের বিষয়।

সবশেষে তিনি চলচ্চিত্র শিল্পী, কলাকুশলী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া ও সমর্থন কামনা করেন এবং আগামী ৩ জুলাইয়ের নির্বাচনে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত