মানিকগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি
| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
 ছবি:
ছবি:

তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ-জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে মানিকগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় মানিকগঞ্জ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, বিপিএম-সেবা। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন থানার মেধাবী ও সম্ভাবনাময় অনূর্ধ্ব-২০ বয়সী খেলোয়াড়দের বাছাই করে দল গঠন করা হয়। নির্বাচিত খেলোয়াড়দের নিবন্ধনের পাশাপাশি প্রতিটি ম্যাচ শেষে নির্ধারিত মূল্যায়ন ফরমের মাধ্যমে তাঁদের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল শেষে বালক বিভাগে দৌলতপুর থানা কাবাডি দল এবং বালিকা বিভাগে সদর থানা কাবাডি দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে পুরুষ বিভাগে শিবালয় থানা কাবাডি দল এবং বালিকা বিভাগে দৌলতপুর থানা কাবাডি দল রানার্সআপ হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে মেডেল ও ট্রফি বিতরণ করেন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মহরম আলী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন, পিপিএম-সেবা, পুলিশ লাইন্সের আরআই মো. আব্দুল ওহাব, জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আয়োজকরা জানান, তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সমাজ থেকে মাদক ও অপরাধপ্রবণতা দূর করার পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

বিষয়:

পাঠকের আগ্রহ

সম্পর্কিত