নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে প্রায় ছয় ফুট উচ্চতার একটি জীবিত গাঁজা গাছসহ মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-১১।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১-এর সদর কোম্পানি, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা যায়, শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকায় নিজ বসতবাড়িতে অবৈধভাবে গাঁজা চাষের খবর পেয়ে দ্রুত অভিযান চালানো হয়। এ সময় এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার বসতঘরের সীমানাপ্রাচীরের ভেতরে দরজার সামনে রোপণ করা একটি জীবিত সবুজ গাঁজা গাছ উদ্ধার করা হয়।
উদ্ধার করা গাছটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি এবং ডালপালা ও পাতাসহ ওজন ৩ কেজি ২০০ গ্রাম।
গ্রেপ্তার মোবারক হোসেন ওরফে কালে খান শিমুলপাড়া বিহারী ক্যাম্প এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত আনোয়ার হোসেন এবং মাতার নাম রাজিয়া খাতুন।
এসআরবি-১১-এর প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদের বরাতে জানানো হয়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির ভেতরে গোপনে গাঁজা গাছ চাষ করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়।
মাদক নির্মূল এবং যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় এসআরবি-১১-এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
বিস্তারিত দেখুন দৈনিক বাংলাদেশ দিগন্তের প্রতিবেদনে।