মোঃ রায়হান আহাম্মেদ ভূইয়া:
নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিকনির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের প্রত্যক্ষ নেতৃত্বে গত ১৩ জুলাই রাতে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের প্রথম ধাপে এসআই মো. মাসুম বিল্লাহ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম এনায়েতনগর এলাকায় অভিযান চালিয়ে সেলিম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
একই রাতে রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে এসআই আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় ফোর্সসহ সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ডের বাগমারা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করেন। এ সময় সাথী আক্তার (৩৫) ও রিতা আক্তার (৩৫) নামে দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ৬৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এদিকে, গ্রেপ্তার রিতা আক্তারের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় পূর্ব থেকেই ছয়টি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।